৬০ পেরলেই বন্ধ অন্নপূর্ণভাণ্ডার? কী বলছে নবান্ন, জানুন

 
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিতে বঙ্গে ক্ষমতায় আসার পর বড় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে বিজেপি সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প। এর আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ক্যাবিনেট বৈঠকের পর এই মেগা প্রকল্পের রূপরেখা স্পষ্ট করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।


লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের কি আবেদন লাগবে?

মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাঁরা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। পূর্বতন অ্যাকাউন্টেই সরাসরি ৩ হাজার টাকা ট্রান্সফার করা হবে। তবে যাঁরা আগে এই সুবিধা পেতেন না, তাঁদের জন্য ১ জুন থেকে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’ খোলা হচ্ছে। আধারের সঙ্গে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে।


৬০ পেরোলে মিলবে দ্বিগুণ বার্ধক্যভাতা:

যাঁদের বয়স ৬০ বছর পেরিয়ে গিয়েছে বা যাবে, তাঁদের চিন্তার কারণ নেই। অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো প্রাপকের বয়স ৬০ ছুঁলেই স্বাভাবিক নিয়মে তাঁর নাম স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্যভাতার তালিকায় স্থানান্তরিত হয়ে যাবে। এর জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। ১ জুন থেকে বার্ধক্যভাতাও একধাক্কায় দ্বিগুণ করছে রাজ্য সরকার। প্রবীণ নাগরিকরা বর্তমানে মাসে ১ হাজার টাকা করে যে বার্ধক্যভাতা পান, তা বাড়িয়ে এবার ২ হাজার টাকা করা হচ্ছে। অর্থাৎ, ৬০ বছর পর্যন্ত মহিলারা পাবেন ৩ হাজার টাকা এবং ৬০ পেরোলেই তাঁরা চলে আসবেন মাসে ২ হাজার টাকার বার্ধক্যভাতার আওতায়।